গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বুধবার সকালে দুইটি জিরাফ মারা গেছে। এ ব্যাপারে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সাফারি পার্কের ‘কোর সাফারি পার্ক’ এলাকাটি দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহাবুদ্দিন।
তবে কেন ও কিভাবে ওই প্রাণী দুইটি মারা গেছে সে ব্যাপারে পার্ক কর্তৃপক্ষ কিছু জানাননি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহাবুদ্দিন আরও জানান,‘মঙ্গলবার রাতে জিরাফ দুইটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। চিকিৎসকরা পার্কে পৌঁছানোর আগেই বুধবার সকালে জিরাফ দুটি মারা যায়। এ ঘটনার পর ‘কোর সাফারি পার্ক’ বন্ধ রাখা রয়েছে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম জানান,‘দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে পড়ে গিয়ে জিরাফ দুইটি মারা গেছে। আগে থেকে তাদের রোগের কোনও লক্ষণ দেখা যায়নি। এখন ১০টি জিরাফের মধ্যে ৮টি জিরাফ রয়েছে। তবে রোগটি পরীক্ষার জন্য ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যাক্টেরিয়াজনিত কোনও রোগ। তবে কোন ব্যাক্টেরিয়ার আক্রমনে জিরাফ দুটি মারা গেছে তা তিনি বলেননি। তবে রোগ সংক্রমনরোধে অতিরিক্ত সতর্কতার জন্য কোর সাফারি পার্কটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
পার্কের চিকিৎসক নিজাম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
একটি সূত্র জানায়,মৃত ছয় / সাড়ে ছয় বছরের মাদী জিরাফ দুইটির মূল্য প্রায় দেড় কোটি টাকা। ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অফ্রিকা থেকে ১০টি জিরাফ কেনা হয়েছিল। অবহেলার কারণে না অন্য কোনও কারণে জিরাফ দুটির মৃত্যু হয়েছে তা সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি।
/জেবি/আরও পড়তে পারেন: সাভারে শিশু গৃহপরিচারিকার ওপর নির্যাতনে মামলা, আটক এক