নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপ-শহরের একটি লেক থেকে বিপুল পরিমাণ ও অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
রবিবার বিকেল ৩টায় আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশ। আদালত শুনানি শেষে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলো, শরিফুল, শাহীন ওরফে সানা, রাসেল, শান্ত, মুরাদ এবং কাতারে পলাতক হৃদয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক জানান, শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে রূপগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, হৃদয় মাছ ধরতে গিয়ে পূর্বাচলের ৫ নাম্বার সেক্টরের লেক থেকে একটি ব্যাগ পায়। এ ব্যাগে বেশ কয়েকটি এসএমজি ছিল বলে সে শরীফুলকে জানায়। এরপর শরীফুল, শাহীন, রাসেল, শান্ত, হৃদয় ও মুরাদ এসব অস্ত্র নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরে তা বিক্রির চেষ্টা করে। তাদের কাছ থেকে আটটি অস্ত্র পাওয়া যায়। আটটি অস্ত্রের মধ্যে একটি শরিফুলের বাসা থেকে, দুটি শরিফুল, শাহীন ও শান্ত’র দেওয়া তথ্য অনুযায়ী পূর্বাচলের ৩ নম্বার সেক্টরের বন্ধু সিটি থেকে এবং রাসেলের দেওয়া তথ্যানুযায়ী পাঁচটি এসএমজি শনিবার বিকেলে ভোলাব ইউনিয়নের বাসুদা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, যেহেতু অস্ত্রগুলো আসামিদের হেফাজতে ছিল ও তারা এগুলি বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিল এ কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুরো অস্ত্রের চালানের ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তবে এই মামলার সূত্র ধরেই পুরো অস্ত্রের চালানের বিষয়ে অনুসন্ধান চালানো হবে। মামলার পলাতক আসামি কাতারে অবস্থানকারী হৃদয়কেও গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে রবিবার দুপুরের পর রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫নং সেক্টররের যে ডোবা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সেই ডোবার পানি সেচা শুরু করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
তিনি জানান, পুকুরে আরও অস্ত্র আছে কি না তা তল্লাশির জন্য ডোবাটি সেচা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জুন) রাত দেড়টা থেকে রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় পুলিশ রূপগঞ্জের পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি খালে ডুবিয়ে রাখা ২১টি ব্যাগে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় ঢাকা রেঞ্চের ডিআইজি মো.শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের তদন্ত কমিটি এ নিয়ে কাজ করছে। এ কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: কব্জি কেটে ও চোখ নষ্ট করে স্বামী ভারতে, বিচারের আশায় ঘুরছেন স্ত্রী