শ্রীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি আটক

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত আবুল কাশেমকে (৩৫) আটক করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় দারোগারচালা এলাকায় অভিযুক্তের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আবুল কাশেমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল এলাকায়। ওই কিশোরী অভিযুক্তের হোটেল কর্মচারী।

কিশোরীর স্বজন ও স্থানীয়রা জানান, কিশোরী অভিযুক্তের হোটেলে আয়ার কাজ করতো। সকালে কাশেম তাকে জরুরি কথা আছে বলে বাসায় যেতে বলে। পরে বাসায় গেলে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবুল কাশেমকে আটক করে। কিশোরীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/বিএল/