নিখোঁজের ৬ বছর পর তরুণী উদ্ধার, বাড়িওয়ালা আটক

রাজবাড়ি থেকে আটক বাড়িওয়ালা (ছবি- প্রতিনিধি)

নিখোঁজের ৬ বছর পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক তরুণীকে (২২) উদ্ধার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যৌন পল্লীর ২নং গলির ‘সাফিয়া’ নামে বাড়ির মালিক মুকুল শেখকে (২৩) আটক করা হয়েছে।

ওই তরুণী ৬ বছর আগে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা থেকে নিখোঁজ হয়। ওই সময় তার বড় ভাই কাশিয়ানী থানায় একটি জিডি করেন।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান।

তিনি জানান, উদ্ধারকৃত ওই তরুণীকে ৬ বছর আগে ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির বাড়ি থেকে নিয়ে যায়। পরে ওই নারীকে পতিতা পল্লীতে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে তাকে আটক রেখে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। সে পতিতা পল্লী থেকে চলে যেতে চাইলে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন করা হয়।

উল্লেখ্য ভিকটিমের পরিবার বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, ভিকটিমকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে। পরে ভিকটিমের বড় ভাই গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় একটি জিডি করেন এবং তাকে উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করেন। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি বিশেষ দল ব্যাপক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

এ সময় বাড়ির মালিক মুকুল শেখ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। উদ্ধারকৃত তরুণী এবং আটক বাড়ির মালিককে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সাতক্ষীরা রেঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই বনদস্যু আটক