মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

মানিকগঞ্জমানিকগঞ্জের শিবালয় এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। ঢাকাগামী একটি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী এবং একটি ট্রাকের চাপায় এক হেলপার নিহত হয়েছে। নিহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা  বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১৮ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে এক বাইসাইকেল আরোহীকে (৫৫)  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।   এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক ও সহযোগী পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, প্রায় একই সময়ে ঢাকা পাটুরিয়া সংযোগ সড়কের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রবিবার ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে উপজেলার আড়পাড়া মেগাফিড কোম্পানির সামনে থেমে থাকা একটি ট্রাককে ঢাকাগামী অন্য আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় থেমে থাকা ট্রাকটির হেলপাড় ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান। নিহত ওই ট্রাক হেলপারের বয়স আনুমানিক ২২ বছর।  এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিও আটক করা হলেও এর চালক ও সহযোগী পালিয়ে যায় বলেও জানান ইয়ামিন উদ দৌলা।

মরদেহ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/