দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

rajbari-ghat-pic(1)--30-junঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে আবারও ঢাকামুখী হতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। এ কারণে শুক্রবার (৩০ জুন) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

হাজার হাজার যাত্রীবাহী বাস ও কয়েক লাখ যাত্রী পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯টি ছোট বড় ফেরি ও ২৮টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে লঞ্চঘাটে যাত্রী নিরাপত্তায় কাজ করতে দেখা গেছে পুলিশ, র‌্যাব, ব্যাটালিয়ান পুলিশ, আনসার ও রোভার সদস্যদের।

বিআইডব্লিউউিটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীবাহী বাস ও ঈদ ফেরত যাত্রী পারাপারে সচল রাখা হয়েছে ১৯টি ফেরি।আবহাওয়া অনুকূলে ও ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।

দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ও কাজীরহাট-আরিচা নৌরুটে ঈদ ফেরত সাধারণ যাত্রী পারাপারে চলছে ৩৩টি লঞ্চ। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলছে প্রায় ২৮টি লঞ্চ। আর লঞ্চে পারপারে নারী, শিশু ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিরিয়াল অনুযায়ী যাত্রী লঞ্চে উঠানো হচ্ছে। কোনও প্রকারের অতিরিক্ত যাত্রী বহন বা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।rajbari-ghat-pic(2)--30-jun

এদিকে দৌলতদিয়া ঘাট এলাকায় টার্মিনালের পাশে ঈদে গ্রামের বাড়িতে ফেরা ঘরমুখো হাজার হাজার যাত্রীর জান মালের নিরাপত্তায় উঁচু থেকে লক্ষ্য রাখতে বিশাল আকৃতির একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস জানান, রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম-পিপিএম স্যারের নেতৃত্বে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা পুলিশ। কোনও প্রকার ভোগান্তি ছাড়া মানুষ ঢাকায় ফিরছে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘দৌলতদিয়া ঘাটে ঈদ ফেরত ঢাকামুখী যাত্রীদের নিরাপত্তায় ঘাটে র‌্যাব ক্যাম্প করা হয়েছে। র‌্যাবের সদস্যরা সর্তক অবস্থায় তাদের দায়িত্ব পালন করছে।’

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, লঞ্চ ঘাটে যাত্রীদের সেবায় কাজ করছে ৬ সদস্য বিশিষ্ট ফায়ার সার্ভিস টিম। রয়েছে ডুবুরি দল।

এছাড়া লঞ্চে যাত্রীদের ওঠা-নামায় সহযোগিতা করছে রোভার দল। রোভার দলের সিনিয়র রোভার মেট প্রতিনিধি গোলাম রব্বানী জানান, তারা ২ শিফটে ২০ জন রোভার সদস্য লঞ্চ ঘাটে যাত্রী সেবায় কাজ করছেন।

/এআর/