অনিশ্চয়তা কাটিয়ে উল্টো রথযাত্রা হচ্ছে ধামরাইয়ে

dhamrai-mala-stop-(1)নাশকতার আশঙ্কায় ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের মেলা তুলে দেওয়ার কারণে উল্টো রথযাত্রা বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে আয়োজক কমিটি। রবিবার (২ জুলাই) রাতে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে আগের ঘোষণা অনুযায়ী সোমবার (৩ জুলাই) যথাসময়ে উল্টো রথযাত্রা মেলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আয়োজক কমিটি, স্থানীয় এমপি ও ঢাকা জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে যথাসময়ে রথযাত্রা ও মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দীপক কুমার শাহ বলেন, ‘নাশকতার আশঙ্কায় ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা সন্ধ্যায় আয়োজক কমিটি বন্ধ ঘোষণা করে দেয়। এরপর থেকে স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক ও রথযাত্রা উদযাপন কমিটির লোকজনের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে সোমবার উল্টো রথ টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নিরাপত্তার কারণে রবিবার (২ জুলাই) রাতে মেলার বন্ধ করে দেয় ধামরাই থানা পুলিশ। এছাড়াও সোমবার সকাল থেকে ওই এলাকার কয়েকশত দোকান-পাট ও বাজার বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। পরে রবিবার সন্ধ্যায় ধামরাই বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে উল্টো রথযাত্রা বন্ধের ঘোষণা দেয় আয়োজকরা।
পরমাত্মায় জীবাত্মার মিলনকে চিরমুক্তি বলে বিশ্বাস করে সনাতন ধর্মাবলম্বীরা সেই পারলৌকিক মুক্তি কামনায় ভগবানের কৃপা প্রার্থণা করে রথযাত্রা করা হয়। ২৫ জুন রথযাত্রা ও রথের মেলাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে রথ উৎসব শুরু হয়।
আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন, অর্থাৎ রথটি প্রথমি দিন সেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পর আবারও সেই স্থানে ফিরিয়ে আনা হয়। একেই বলে উল্টো রথ। এরই ধারাবাহিকতায় ২৫ জুন রথ যাত্রা হয়। আজ সোমবার উল্টো রথযাত্রা হওয়ার কথা।
ধামরাইয়ের বিখ্যাত এই রথযাত্রা দেখতে দেশ-বিদেশের মানুষ ছুটে আসে। প্রতি বছর মাসব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। তবে রবিবার সকাল থেকেই মেলার সব দোকান-পাট তুলে দেওয়া হয়। ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পাশাপাশি র‌্যাবের টহল দিতেও দেখা যায়। এছাড়াও বাজার এলাকার সব দোকান-পাট বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।
এরই প্রতিবাদে সন্ধ্যায় কয়েক হাজার হিন্দু ধর্মালম্বীরা রথের চাকা ঘুরবে না বলে স্লোগান দিয়ে যাত্রাবাড়ি মাধব শশুরালয় মন্দির মেলাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটা পুরো মেলা প্রদক্ষিণ শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যশোমাধব মন্দির ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন উল্টো রথযাত্রা স্থগিতের কথা জানিয়ে বলেন, ‘চারশ বছরের ঐতিহ্য রয়েছে ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা উৎসবের। এবার পুলিশ নিরাপত্তার কথা বলে মেলা বন্ধ করে দিয়েছে। যদি মেলা না-ই হয়, আনন্দই না হয়, তাহলে রথও টানা হবে না। এটা কমিটির সিদ্ধান্ত।’
এর পরই পুলিশ, স্থানীয় সাংসদ ও আয়োজক কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক শুরু করা হয়।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দীপক কুমার শাহ জানান, ‘উল্টো রথের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ কারণে মেলা বন্ধ ও দোকান-পাট বন্ধ রাখতে বলা হয়েছে। যেখান দিয়ে রথ টানা হবে, সেই রাস্তার দুই পাশে মেলা বসেছে। ফলে রাস্তা সরু হয়ে গেছে। রথ টানতে অসুবিধা হবে। এ কারণে দোকান-পাট বন্ধ রাখতে বলা হয়েছে। তবে রথ টানা শেষ হলে দোকানিরা আবার বসতে পারবে।’
/এআর/