হলি আর্টিজান হামলার কারণে মেট্রোরেলের কাজ ৬ মাস পিছিয়ে গেছে: সেতুমন্ত্রী

দ্বিতীয় মেঘনা সেতুর কাজ পরিদর্শন যান সেতু মন্ত্রী (ছবি- নারায়নগঞ্জ প্রতিনিধি)

হলি আর্টিজান হামলার কারণে মেট্রোরেলের কাজ ৬ মাস পিছিয়ে গেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হলি আর্টিজন হামলার পর থেকে বিদেশিরা আতঙ্কে ছিল। আমরা তাদের সব রকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। এখন জাপানিরা আর নিরাপত্তাহীনতায় ভুগছে না। তারা এখন পূর্ণ গতিতে কাজ করছে।’

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

এসময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন,‘আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটির সভায় এবং পরদিন ৯ জুলাই সংসদ অধিবেশনে এ বিষয়ে আলোচনা হবে। এর পর এ বিষয়ে মন্তব্য করা হবে। আমরা বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুঁড়বো না।

লেখক ফরহাদ মজহারের নিখোঁজের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির একেক নেতা একেক সময় একেক রকম কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি তো অনেক কথাই বলে। তাদের কথাবার্তার কোনও মিল নেই।

দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর কাজের অগ্রগতি সর্ম্পকে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এরইমধ্যে এই তিন সেতুর ৩০ ভাগের বেশি কাজ হয়ে গেছে। আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমরা এই তিন সেতুর কাজ শেষ করতে পারবো। এই তিন সেতুর গার্ডার নির্মাণ হচ্ছে জাপান, সিঙ্গাপুর ও ভিয়েতনামে। অক্টোবরে গার্ডারগুলো সেতু এলাকায় চলে আসলে কাজের অগ্রগতি দৃশ্যমান হবে।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেতুর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সড়ক, জনপথ ও সেতু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: শিবগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা!