গাজীপুরে বয়লার বিস্ফোরণ: নিহত ৩ শ্রমিককে আসামি করে মামলা

বয়লার বিস্ফোরণের পর বয়লার রুমের অবস্থা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী (নয়াপড়া) এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশীদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নিহত তিন শ্রমিক আব্দুস সালাম, মনসুরুল হক ও এরশাদ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, খুন ও জখমের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় কোনও গ্রেফতার নেই। তদন্ত করে বয়লার সংক্রান্ত কোনও ত্রুটি-বিচ্যুতি থাকলে এবং আরও কেউ জড়িত থাকলে সে সব ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এছাড়া আহত আরও প্রায় অর্ধশত শ্রমিক-পথচারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
/এআর/