আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ- পরিচালক দেবাশিষ বর্ধণকে প্রধান করে রবিবার দুপুরে কমিটি গঠন করা হয়।
এ কমিটির বাকি সদস্যরা হলেন, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন ও আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তিনি এখনো কিছুই জানাতে পারেননি। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডন নামক কারখানার ৮তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পরে। খবর পেয়ে আশুলিয়া, সাভার, টুঙ্গি, ধামরাই ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে অগ্নিকাণ্ডের পর পরই কারখানার ভেতর থেকে এক মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শামীম হোসেন বলেন, ‘হেলাল নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে কারখানা কর্তৃপক্ষ। এসময় তার কাছে এক প্যাকেট সিগারেট ও একটি দিয়াশলাই পাওয়া গেছে। মাদ্রাসা ছাত্র বরিশাল থেকে গত তিন দিন আগে আশুলিয়ায় আসেন। মাদ্রাসা ছাত্রকে নিরাপত্তাকর্মীরা আটক করার সময়, সে ওই গার্মেন্টেসের শ্রমিক বলে দাবি করে। তবে সে কোনও পরিচয় পত্র দেখাতে না পারায় বিষয়টি সন্দেহ হয়। কারখানা কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই মাদ্রাসা ছাত্র জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও হেলারের গ্রামের বাড়িতে স্থানীয় থানার মাধ্যমে তার সম্পর্কে খোঁজ খবরও নেওয়া হচ্ছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি বলে তিনি জানান।
/জেবি/
আরও পড়তে পারেন: