তৃতীয়বার বরখাস্ত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল

আজহারুল ইসলাম মান্নাননারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে তৃতীয়বার সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার ( ৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ও উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩ (খ)(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মান্নানকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী র্কমকর্তা শাহিনুর ইসলাম।
বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা ৭/৮ টি ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন ও চলমান। মান্নান তার লোকবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কাজে বাধাদান ও একাধিক পুলিশ সদস্য এবং পথচারীকে আহত করেন । তার এ কর্মকাণ্ড উপজেলা পরিষদ আইন পরিপন্থি। উপজেলা পরিষদের মতো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ উপজেলা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের এবং মামলা তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র গৃহিত হয়েছে। তাই জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি বিরোধী দল বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত আছি। তাই সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য কোনও কারণ ছাড়াই আমাকে বার বার বরখাস্ত করছে ।

/এআর/