গাজীপুরে স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

আটকগাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হানিফকে (৩২) আটক করেছে পুলিশ। আটক হানিফ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজনু মিয়ার ছেলে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, মেয়ে খুকুমনি (২২) স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরান মণ্ডলেরটেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘরে থাকা দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করে হানিফ।
এসময় খুকুমনির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকু মনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
/এমও/