শিক্ষার্থীদের অবরোধের মুখে কার্যালয়ে ঢুকতে পারলেন না জাবি উপাচার্য

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ফাইল ছবি
মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধের মুখে কার্যালয়ে ঢুকতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য প্রশাসনিক ভবনের দোতলায় তার কার্যালয়ে প্রবেশ চাইলে শিক্ষার্থীরা বাধা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছেন, ভেতরে ঢুকতে পারেননি।

উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে সকাল পৌনে ৯টার দিকে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা।

‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে প্রশাসনিক ভবনে প্রবেশের তিনটি ফটকের সামনে অবস্থান নিয়ে সেগুলো আটকে দেয় শিক্ষার্থীরা। ভবনটির দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়,উপ-উপাচার্যের কার্যালয়,ট্রেজারারের কার্যালয় রয়েছে। ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তবে ভবনের নিচতলায় রেজিস্ট্রারের কার্যালয়,শিক্ষা শাখা,টিচিং শাখাসহ অন্যান্য শাখায় নিয়মিত কার্যক্রম চলছে।

শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও মামলার এক নম্বর আসামি নাজমুল হোসাইন বলেন,‘বিশ্বদ্যিালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের কোনও অগ্রগতি হয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা অবরোধ করেছি।’ 

এর আগে মামলা প্রত্যাহারের দাবিতে ১৫ জুলাই কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন করেন। ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন সংকটের সম্মানজনক সমাধানের আশ্বাসে তাদের অনশন ভাঙান। শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় বেধে দেন।

২৭ জুলাই প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বেধে দেওয়া সময়ে প্রশাসনের আশ্বাসের অগ্রগতি হয়নি অভিযোগ করে মশাল মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার,তদন্ত কমিটি পুনর্গঠন, পুলিশি হামলার বিচার ও সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এই চার দফা দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় জারিকৃত এক বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত,সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে পুলিশি হামলার জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এসটি