ট্রাকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: আসামিরা ৪ দিনের রিমান্ডে

আইন-আদালতচলন্ত ট্রাকের ভেতরে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চালক ও হেলপারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আফতাবুজ্জামান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়া মনিপুর এলাকার বাড়ি থেকে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় আসে। মেয়েটি রাস্তা হারিয়ে ফেললে চৌরাস্তায় ট্রাকচালক মেহেদী ও হেলপার সোহান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকে ওঠায়। পথে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে চালক মেহেদী ও হেলপার সোহান। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়েটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। তবে সেসময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করে। বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে চালক মেহেদী হাসান রানাকে ও বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সাভারের হেমায়েতপুরের নয়াবাড়ি এলাকা থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করে পুলিশ।

/বিএল/