চলন্ত ট্রাকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের আলামত মিলেছে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ট্রাকের চালক ও হেলপারগাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে চলন্ত ট্রাকে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছে মেডিক্যাল বোর্ড। ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আসাদুজ্জামান। এদিকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে জবানবন্দি দিয়েছেন ওই কিশোরী।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক মো.আসাদুজ্জামান বলেন, ‘মেডিক্যাল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটিকে একাধিকবার একাধিকজন ধর্ষণ করেছে বলে আলামত পায়।’

তিনি আরও জানান, মেয়েটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (৫ আগস্ট) তাকে আবারও হাসপাতালে আসতে বলা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের (পরিদর্শক) সোহেল আলম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে বিকাল ৩টার কিছু পরে আদালতে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতের খাস কামরায় ২২ ধারায় ভিকটিম জবানবন্দি দেন। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ধর্ষণ মামলার আসামি ট্রাকের চালক মেহেদী হাসান রানা ও হেলপার সোহান ওরফে তুহিনকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার (পরিদর্শক) অপারেশন মো. নাসির উদ্দিন   সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আফতাবুজ্জামান আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়া মনিপুর এলাকার বাড়ি থেকে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় আসে। মেয়েটি রাস্তা হারিয়ে ফেললে চৌরাস্তায় ট্রাকচালক মেহেদী ও হেলপার সোহান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকে ওঠায়। পথে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে চালক মেহেদী ও হেলপার সোহান। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়েটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। তবে সেসময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করে। বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে চালক মেহেদী হাসান রানাকে ও বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সাভারের হেমায়েতপুরের নয়াবাড়ি এলাকা থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করে পুলিশ।

 /বিএল/