জেলার তিন ডাকাত অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।
আত্মসমর্পণকারীরা হলেন, জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া খাসপাড়া এলাকার সালাম বোচরার ছেলে জাইদ হোসেন (৩২), আলোকদিয়া সহিমুদ্দিন পাড়ার সনতেস শেখের ছেলে আরছব আলী (৪২) এবং আলোকদিয়া বাতেনপাড়া এলাকার বাবু শেখের ছেলে নুর জামাল (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, জেলার শিবালয় উপজেলার দুর্গম চর আলোকদিয়ার বেশ কয়েকটি এলাকায় শীর্ষ ডাকাত সর্দারদের বসবাস। সম্প্রতি ওই এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। সেসময় অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য তারা অনুরোধ জানায়। পরে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার সুভাষ সরকারের মাধ্যমে আলোকদিয়া চরের বিভিন্ন এলাকার তিনজন ডাকাত আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এসময় ওই এলাকার নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণ করা ডাকাতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আত্মসমর্পণ না করা ডাকাত দলের অন্য সদস্যদের খুব দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
/জেবি/
আরও পড়তে পারেন: আ.লীগ নেতা হত্যা মামলার অভিযোগ গঠন ১৬ আগস্ট