টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো ব্যাজ ধারণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে আওয়ামী লীগ সভানেত্রী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গবন্ধু ভবনে অবস্থান নেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নিজ নিজ পক্ষ থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান।

সকাল ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধে মসদিজ কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। এসময় বঙ্গবন্ধু ভবনে বসে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানত আব্দুলাহ, শেখ কবির হোসেন, মোজাম্মেল হক, উম্মে রাজিয়া কাজল, কাজী আকরাম উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে হেলিকাপ্টারে করে সকাল ৯টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে ও ১০টায় বঙ্গবন্ধুর সামাধি সৌধ চত্বরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

সব কর্মসূচি শেষে বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানারা।

/এআর/