রাস্তার ত্রুটির কারণে মহাসড়কে কোনও যানজট হচ্ছে না: সেতুমন্ত্রী

ঢাকা সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে যান সেতুমন্ত্রী

রাস্তার ত্রুটির কারণে মহাসড়কে কোনও যানজট হচ্ছে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এরইমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সড়ক মেরামত করা হয়েছে। বাকি রাস্তাগুলো আজকের  মধ্যে যান চলাচলের উপযোগী করে তোলা হবে।’ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ও এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন,‘মহাসড়কে কোনও যানজট নেই। ফিটনেস বিহীন যানবাহন রাস্তায় চলাচলের সময় বিকল হয়ে মাঝে মাধ্যে যানজট সৃষ্টি হচ্ছে। এরইমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সড়কের কারণে যানজট হওয়ার কোনও আশঙ্কা নেই।’

তিনি বলেন,‘আমি আসার সময় রাস্তায় একটি পিকাপভ্যান বিকল হয়ে পড়ায় যানজটে আটকে থাকতে হয়েছে। তিনি পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ করেন, ঈদের আগে যেন ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় না নামায়।

রাস্তার পাশে গরুর হাঁট বসানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। কোনও রাজনেতিক হস্তক্ষেপের কারণে যাতে প্রশাসন নতি শিকার না করে। সরকারের উচ্চ পর্যায়ের কঠোর নির্দেশনার পর রাজনৈতিক হস্তক্ষেপের কোনও অজুহাত যেন না আসে।

রাস্তা পরিদর্শন শেষে মন্ত্রী ফ্লাই ওভার নির্মাণ প্রকল্পের অস্থায়ী অফিসে সিলেট ও নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করে সড়কের খোঁজ খবর নেন।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন।

আরও পড়তে পারেন: দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন