কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে মানুষের উপচে পড়া ভিড়

শিমুলিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় (ছবি: প্রতিনিধি)ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে। বুধবার (৩০ আগস্ট) সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে এই নৌরুটে। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ চোখে পড়ার মতো।

যাত্রীদের সুবিধার্থে এবারও শিমুলিয়া ঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপে ঘাট এলাকায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। ঈদে যানবাহনের চাপ থাকায় বন্ধ রয়েছে ট্রাক পারাপার।

এছাড়া যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৩ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।শিমুলিয়া ঘাটে মানুষের উপচে পড়া ভিড় (ছবি: প্রতিনিধি)

এই নৌরুটে ১৭টি ফেরি চললেও ঈদে আরও ৩টি ফেরি যোগ করায় এখন চলছে ২০টি ফেরি। এছাড়া ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট নিয়মিত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলাচল করে। এদিকে কোরবানির ঈদে ঢাকায় নেওয়ার জন্য শতাধিক গরু বোঝাইট্রাক যানবাহনের চাপে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভুইয়া জানান, ঈদের যাত্রী সেবা নিশ্চিত করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোনও ধরনের অসুবিধা হওয়া মাত্রই ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও পড়ুন- রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পথে পথে তল্লাশি