কোরবানির ঈদে জঙ্গি হামলার কোনও তথ্য নেই: আইজিপি

নারায়ণগঞ্জে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হকপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহায় দেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তারপরও এসব চিন্তা মাথায় রেখেই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তাই ঈদ জামাত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় আইজিপি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজপি শহীদুল হক বলেন, ‘ঈদ শেষে রাজধানীমুখি মানুষের নিরাপত্তার জন্য সড়ক, মহাসড়কে হাইওয়ে ও জেলা পুলিশ মোতায়েন থাকবে।’

আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ঈদের সময় রাজধানী ছেড়ে যাবে অনেক লোকজন। এদের বাড়িঘর ও মাকের্টে নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট আবাসিক ও মার্কেট নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা করবে।’

তিনি বলেন, ‘দেশের কোনও সড়কে এবার যানজট নেই। মানুষ শান্তিপূর্ণভাবে কোনও প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছে।’

আইজিপি আরও বলেন, ‘দুর্ঘটনা রোধে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ঈদে শেষে পরিবহন মালিকরা ড্রাইভারদের ছুটি দিয়ে দেয়। ওই সময় হেলপাররা গাড়ি চালায়, আবার অনেক সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। এসব বন্ধ করতে পারলে দুর্ঘটনা কমে আসবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, আবুল কামাল আজাদ সিদ্দিকী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:
চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে