টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকার একটি বাড়ি থেকে আটক দুই ভাই ছাত্রজীবনে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে নুরুল হুদা মাসুম (৩০) ও তার ছোট ভাই মাজহারুল ইসলাম খোকনকে (২৫) আটক করে র্যাব। জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িতে রাতভর অভিযান চালায় র্যাব।
র্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে ছাত্রজীবনেই তারা দুই ভাই জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। তারা জানায়, মাসুম দারুল ইসলামী মাদরাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সেখানে পড়া অবস্থাতেই সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। মাসুম জেএমবির একজন সক্রিয় সদস্য। সে সাংগঠনিকভাবে ‘উফফে জামানা সন্ত্রাসী কোফরা’ নামে পরিচিত। তার ছোট ভাই খোকন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিনিক অ্যান্ড ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করতো। ২০১২ সালে লেখাপড়া ছেড়ে সে বড় ভাইয়ের সঙ্গে জেএমবিতে যোগ দেয়। খোকন তার বড় ভাই মাসুমকে প্রযুক্তিগত সহায়তা দিতো। তারা আরও জানায়, ড্রোন দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করেছিল। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছিল তাদের টার্গেট।’
তিনি আরও বলেন, ‘অভিযানে দুই ভাইয়ের সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, উগ্র মতাদর্শের বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। আট ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে অভিযান সমাপ্ত হয়।
টাঙ্গাইলে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার সন্দেহে কালিহাতী উপজেলার এলেঙ্গার ওই বাড়িটি র্যাব ঘেরাও করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে দুই ভাইকে আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়তে পারেন: টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, অস্ত্রসহ দুই ভাই আটক