টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ মাসুদ (২২), এরশাদনগর এলাকার বাসিন্দা দাদন মিয়ার ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশন ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ সত্যতা স্বীকার করে জানান, ভিক্টিমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই টঙ্গী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার মধ্য রাতেই মাসুদকে এরশাদ নগর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ভিক্টিমের বাবা বাদি হয়ে মাসুদকে আসামি করে সোমবার দুপুরে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ জানান, মাসুদ গাজীপুর সিটির ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই অভিযোগের পর আমরা সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করি। পরে সোমবার বিকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।