‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ইতিহাস হয়ে থাকবেন’

টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন,‘ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন, যা ইতিহাস হয়ে আছে। তেমনি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে মানবিক পদক্ষেপ নিয়েছেন, তাতে তিনিও ইতিহাস হয়ে থাকবেন।’

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভা সফল করতে যুবলীগের কর্মীদের প্রতিনিধি সভায় যাওয়ার পথে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের এলেঙ্গায় যাত্রাবিরতিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান আরও  বলেন,‘রোহিঙ্গা ইস্যু প্রমাণ করেছে বিশ্ব শান্তির একমাত্র নেতা শেখ হাসিনা। ১৯৪টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন। তিনি কী ভাবেন,কী চিন্তা করেন তা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। জাতিসংঘে যদি কোনও শান্তির দর্শন থাকে তাহলে তা একমাত্র শেখ হাসিনার।’

নোবেল বিজয়ীদের উদ্দেশ করে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন,‘শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বারাক ওবামা। কিন্তু বারাক ওবামার কোনও দর্শন জাতিসংঘে স্বীকৃত নেই। শান্তিতে নোবেল পেয়েছেন ড.ইউনূস। মিয়ানমারের এ ঘটনায় তিনি কোথায়?’

তিনি বলেন,‘বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা সমাধানে আলোকবর্তিকা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাসিত হয়েছেন। এটি আজকে বিশ্বে স্বীকৃতি পেয়েছে।’

বিএনপির রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে দাবি করে তিনি বলেন,‘মানুষ পুড়িয়ে, বাসে আগুন দিয়ে, পুলিশের মাথা থেতলে দিয়ে, বায়তুল মোকাররমে কোরআন শরিফ পুড়িয়ে রাজনীতি করে বিএনপি। এই যে পোড়া মানুষের গন্ধ গায়ে বিএনপির,সেই পোড়া মানুষের গন্ধ কিন্তু এখন নোবেল জয়ী অং সান সুচির গায়েও লেগেছে। রোহিঙ্গা ইস্যু এখন একটি মানবতার ইস্যু। এই ইস্যুটি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আমরা আশাবাদী জাতিসংঘে এটা নিয়ে কথা হবে।’

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সহসভাপতি খান আহমেদ শুভসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

একজন মানবিক প্রধানমন্ত্রী