নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জে আটক রোহিঙ্গা যুবকনারায়ণগঞ্জ শহরের রেলস্টেশন এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে আটকের পর খানপুর তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবার নাম সোলায়মান মিয়া। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন  পারভেজ জানান, ওই যুবক নারায়ণগঞ্জের রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর  প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম জানান, তাকে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন সুস্থ আছে।

আটক রোহিঙ্গা আব্দুল্লাহ জানান,তার মাকে সেনাবাহিনী ঝুলিয়ে হত্যা করেছে। পরে সে প্রায় ৬০ কিলোমিটার পায়ে হেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসে। পরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ট্রেনে নারায়ণগঞ্জ চলে আসে।

আরও পড়ুন:

শরণার্থী শিবিরে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা তরুণকে ছেলেধরা সন্দেহে হত্যা