শিক্ষার্থীকে অপহরণ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়রের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানকে (৩৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় রুপগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এসময় আইইউবি ইউনিভাসিটিতে বিবিএ পড়ুয়া শিক্ষার্থী ও প্যানেল মেয়রের মেয়ে সামান্তা ইসলামকে (২২) উদ্ধার করা হয়। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য জানান।
অপহৃতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি জানান, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কে.এম. শহিদুল ইসলাম শহিদের মেয়ে সামান্তাকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপহরণ করে অসিম ও তার দুই সহযোগী । পরে সামান্তাকে একটি প্রাইভেটকারে তুলে ( ঢাকা মেট্রো-গ-২৫-০২৮৭) নিয়ে যাচ্ছিল তারা। গাড়িটি রূপগঞ্জ ফেরিতে ওঠামাত্র মেয়েটি চিৎকার শুরু করলে ফেরিঘাটের লোকজন ও স্টাফরা ঘেরাও করে অসিম দেওয়ানকে ধরে ফেলে। এসময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা হয় সামান্তাকে। পরে পুলিশ গাড়িচালক বাগেরহাট জেলার সিরাজ মোল্লার ছেলে লিটন মোল্লাকে আটক করে এবং অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
ওসি আরও জানান, ছাত্রলীগ নেতা অসিমের সঙ্গে প্যানেল মেয়রের মেয়ে সামান্তার প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সম্প্রতি সময়ে তাদের সম্পের্কের অবনতি হয়।
গাড়িচালক লিটন জানায়, অসিম প্রাইভেটকারটি সোনারগাঁওয়ের মোগড়াপাড়া যাওয়ার কথা বলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সামনে থেকে থেকে ভাড়া করে। পরে বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লক থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে গাড়িতে তুলে নেয়। পরবর্তিতে তাকে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে গাড়ি তিনশ ফুট রাস্তা দিয়ে নিয়ে আসে।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম শহিদ জানান, ছাত্রলীগ নেতা অসিম প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। মেয়ের উত্ত্যক্ত করার কারণে তিনি বরিশাল থেকে মেয়েকে ঢাকায় নিয়ে এসে বসুন্ধরা আবাসিক এলাকায় এফ ব্লকে ভাড়া থাকেন। সোমবার অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার মেয়েকে অপহরণ করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।