সাটুরিয়ায় রোহিঙ্গা সন্দেহে দুই যুবক উদ্ধার

রোহিঙ্গা সন্দেহে উদ্ধার হওয়া দুইজনমিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) রাতে  তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার বরাইদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে অসুস্থ ওই দুই যুবক যান। এরপর এলাকাবাসী তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কথা না বলে চুপ থাকেন। রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই গ্রাম থেকে তাদের উদ্ধার করে। এরপর তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়ায় ওই দুই যুবকের একজনের বয়স ২৫ বছর এবং অপরজনের ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, রোহিঙ্গা সন্দেহে উদ্ধার করা ওই দুই যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনও কথা বলেননি।  এ কারণে তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। শারীরিক অসুস্থতার কারণে ওই দুই যুবককে সাটুরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকা থেকে নারী ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে জেলা পুলিশ প্রশাসন তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। এর কয়েকদিন পর দৌলতপুর উপজেলা থেকেও এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। 


আরও পড়ুন:

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস মিয়ানমারের