২৩ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলের জেল, জরিমানা

ফরিদপুর

ফরিদপুরে ৮০ কেজি ইলিশ মাছ ও ২৩ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেদের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক ইলিশ মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পরে জব্দ জালটি পুড়িয়ে ফেলা হয়।

আটক জেলেরা হলো, বাহাদুর (৩৫), দেলোয়ার হোসেন (৩০), দানেশ তালুকদার (৩৪), লাকি মৃধা (২৭), খালিদ হোসেন (২৬) ও বিন্দা রাজ বংশী (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রজনন মৌসুমে ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে যায়। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার চরবালাশিয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক  করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, আটক পাঁচ জেলেকে সরকারি নির্দেশ অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে, চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় বিন্দা রাজ বংশী (৪৫) নামের এক জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। পরে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়।