মাদারীপুর আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহিদুল হাওলাদার (৩০) নামে এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পিএসআই ইলিয়াস সরদারসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচ তলা থেকে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
শহিদুল শিবচর উপজেলার তাহের আকনেরকান্দি গ্রামের বাফের হাওলাদারের ছেলে। শহিদুলকে শিবচর থানার একটি চুরির মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গেফতার করা হয়েছিল।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ১২ এপ্রিল তাহের আকনেরকান্দি গ্রামের একটি দোকানের সাটার ভেঙে মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক ফারুক ফকির বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অজ্ঞাত আসামি হিসাবে শহিদুলকে ৪ অক্টোবর গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। পরে সোমবার সকালে তাকে আদালতে হাজির করার জন্য আনা হয়। এসময় বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে সঙ্গে শহিদুলকেও পুলিশ ভ্যানে করে আদালতে আনা হয়। সুযোগ বুঝে শহিদুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
মাদারীপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চুরি ও হত্যাসহ একাধিক মামলার আসামি পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় গাফিলতি থাকায় একজন পিএসআইসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়তে পারেন: হাতিয়ায় সী-ট্রাকসহ সব নৌ-যান চলাচল বন্ধ