ডাকাতির এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।
উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকার সোমা জুয়েলার্সে ক্রেতা সেজে প্রবেশ করে ৮/১০ ডাকাত। কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা দোকানের মালিক দিলীপ কুমারের বুকে পিস্তল ঠেকিয়ে ধরে। এ সময় উপস্থিত সবাইকে জিম্মি করে ডাকাতরা দোকানে থাকা ৫০ থেকে ৬০ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ২শ’ ভরি রুপাসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানের মালিক পেছন থেকে চিৎকার করলে ডাকাতরা অন্তত ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডাকাতরা মাইক্রোবাসে করে ঢাকার দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই হারুন অর রশীদ বলেন, ‘ডাকাতরা কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেনি দোকান মালিক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’
আরও পড়ুন: টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা