নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় রাখা পানির বালতিতে পড়ে আঞ্জুম নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর মা এ্যানি জানান, তিনি আড়াইহাজারের একটি প্রাইমারি স্কুলের চাকরি করেন। এ কারণে তিনি প্রতিদিন তার মেয়েকে বাবার বাসা রেখে যান। ওই সময়টা তার মেয়ে নানি ও খালার কাছে থাকে। বুধবারও তিনি আঞ্জুমকে রেখে স্কুলে গেলে সে তার নানি ও খালার চোখ ফাঁকি দিয়ে বালতিতে রাখা পানিতে পড়ে যায়। পরে আঞ্জুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আঞ্জুম মাতুয়াইল এলাকার তুষার মিয়ার মেয়ে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এ নিয়ে পরিবার কোনও মামলা করেনি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় চার জনের সাজা