৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার বয়স ৬৫ বছর। গত ১৮ অক্টোবর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকাত আরব আলী (৪৮) বৃদ্ধাকে ধরে একটি বিলে নিয়ে ধর্ষণ করে। ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
স্বজন ও পুলিশ জানায়, ঘটনার দিন বিধবা বৃদ্ধা (৬৫) সমিতির কিস্তির টাকার জন্য জোকারদিয়া উত্তরপাড়ায় নাতনির বাড়িতে যান। ফেরার পথে ডাকাত আরব আলী রাস্তায় একা পেয়ে বৃদ্ধাকে জোরপূর্বক জোকারদিয়া বিলের ভাণ্ডারির বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায় সে।
বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরদিন সকালে ঢামেক হাসপাতালের ওসিসিতে নিয়ে আসা হয় তাকে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে বাংলা ট্রিবিউনকে জানান, ২১ অক্টোবর সন্ধ্যায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে ডাকাত আরব আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।

আরব আলী হলো পার্শ্ববর্তী মরদাসী গ্রামের সুবেদ আলীর ছেলে। ওসি এম এ হক জানান, সে পুলিশের তালিকাভুক্ত ডাকাত।