ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফরিদপুরফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামসুল হক মোল্যাকে (৪০)  কুপিয়ে হত্যা করা হয়েছে। এই সময় আহত হয়েছে সাতজন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্তও কোনও মামলা হয়নি।

স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়া গ্রামে বিএনপি নেতা শামসুল হক মোল্যার সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল ইলিয়াস মোল্যার। বুধবার (২৫ অক্টোবর) সকালে শামসুল হক জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাতে বাধা দেয়। এসময় শামসুল হক মোল্যা ও তার সহযোগীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা এসময় সাত জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে ছয় জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি এক জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক মোল্যা মারা যান।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা শামসুল হক মোল্যাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

নিহতের ভাই খলিলুর রহমান মোল্যা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে তার ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল ইলিয়াস মোল্যার। বুধবার সকালে ইলিয়াসের নেতৃত্বে হামলা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুল হক। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

আরও পড়ুন- ‘ইভটিজিং’ এর প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ