প্রতিষ্ঠার ৯৩ বছর পর মানিকগঞ্জ মডেল হাইস্কুলে প্রথম মিলন মেলা




মানিকগঞ্জ মডেল হাইস্কুলে প্রথম মিলন মেলা ‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত ৯৩ বছর’ এই শ্লোগানে পালিত হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মডেল হাইস্কুলের ৯৩তম বর্ষপূর্তি। একই সঙ্গে প্রথমবারের মতো এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। এ উপলক্ষে শহর জুড়ে সাজসাজ রব।

মানিকগঞ্জ মডেল হাইস্কুলে প্রথম মিলন মেলা ১৯২৫ সালের ২৮ অক্টোবর স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। জেলা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী এই স্কুলটি অবস্থিত।  
বর্ষপূর্তি উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, শহরের খালপাড়ে ডিসির বাসভবনের সামনে থেকে স্কুল পর্যন্ত দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। দুটি বর্ণিল তোরণও করা হয়েছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। শনিবার সকাল ৭টায় উন্মুক্ত করা হবে শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটক। এরপর থাকবে দিনব্যাপী নানা আয়োজন। পুনর্মিলনীতে আসা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া হবে টি-শার্ট,ক্যাপ,শাড়ি,স্মরণীকা,নাস্তা,ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র।

মানিকগঞ্জ মডেল হাইস্কুলে প্রথম মিলন মেলা বর্ষপূতি উদযাপন পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম  বলেন, ‘পুনর্মিলনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯৫৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব ব্যাচ বের হয়েছে তার ভেতর থেকে প্রায় দুই হাজার ১৫০ শিক্ষার্থী মিলন মেলায় যোগ দেবেন। এমন একটি আয়োজনের জন্য হাজার হাজার সাবেক শিক্ষার্থী দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন।’

সদস্য সচিব কাজী রাহয়ান উদ্দীন টুকু বলেন,‘শতাধিক মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই প্রাণের মিলন মেলা। এই মিলন মেলার মূল উদ্দেশ্য আমাদের স্কুলের ঐতিহ্যকে পুনর্জীবিত করা। ’