গাজীপুরে ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

সাজাপ্রাপ্ত আসামিরাগাজীপুরের কাপাসিয়ায় উজ্জ্বল চন্দ্র মনি দাস নামে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।

এছাড়া অন্য ধারায় ওই দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো,গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও মধ্যপাড়া এলাকার শাকিল (২০) এবং তরগাঁও ঋষিপাড়া এলাকার সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩)।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দীন আহমেদ জানান, উজ্জল চন্দ্র মনিদাসের ভাতিজির সঙ্গে সঞ্জীবনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জ্বলকে স্থানীয় শশ্মান ঘাটে ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এরপর উজ্জ্বলের ব্যবহৃত মোবাইল আরেক আসামি ভবতোষের কাছে বিক্রি করে। এর দু’দিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া মামলা করেন।