নিকলীতে জলমহাল নিয়ে সংঘর্ষ, ছয় গ্রামবাসী গুলিবিদ্ধ

কিশোরগঞ্জকিশোরগঞ্জের নিকলীতে জলমহালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ইজাদারদের সঙ্গে সংঘর্ষে ছয় গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া হাওরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দা গ্রামের বাচ্চু মিয়া (৪৫), একই ইউনিয়নের আহসানপুর গ্রামের রউফ মিয়া (২৫), বড়কান্দা গ্রামের রাব্বিল (১৬), নোয়াপাড়া গ্রামের বারিক (৪৫), একই গ্রামের নাজমুল হক (২৩) ও  মেনু মিয়া (৪০)। এদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া হাওরে ৪৮ একর আয়তনের চাকিঢোয়ার বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন নোয়াপাড়া গ্রামের ইজারাদার মতি মিয়ার গ্রুপ ও তার লোকজন। ইজারাদার মতি মিয়া আজ সকাল সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া এলাকায় জলমহালের বাইরে কৃষকদের জমিতে বাঁধ দিতে যান।  এ সময় একই গ্রামের মাইজ উদ্দিন গ্রুপ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইজারাদারদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইজরাদারদের বন্দুকের গুলিতে ছয় গ্রামবাসী আহত হয়।

এলাকাবাসী আরও জানায়, চাকিঢোয়ার জল মহালের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছে। মতি মিয়ার লোকজন ছয় বছর মেয়াদে ৪৮ একর জলমহাল ইজারা নিলেও আশপাশের লোকজনের শতাধিক একর জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে তারা। এ নিয়ে দুই বছর আগে সংঘর্ষে সাদেক মিয়া নামে এক কৃষক নিহত হন।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম  ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের স্বজনরা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

আরও পড়ুন:


ফেনীতে বাসে আগুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদল নেতা মিলন