র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, পটুয়াখালী থেকে রাজধানী ঢাকার উদ্দেশে একটি কাভার্ডভ্যানে জাটকা বহন করা হচ্ছে, ভ্যানটিতে ‘জরুরি ওষুধ সরবরাহের কাজ’ লেখা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে অবস্থান করে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। ওই কাভার্ডভ্যানসহ প্রায় ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। আটক করা হয় কাভার্ডভ্যানের চালক বাবুল মিয়াকে। আটক বাবলু মিয়া পটুয়াখালীর তিতকাঠি গ্রামের দীনেশ আলী আকনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র্যাবের অভিযান শেষে জাটকাভর্তি কাভার্ডভ্যানটি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন জাটকা বহন করার অপরাধে কাভার্ডভ্যানের চালক বাবুল মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।