আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাড়িকান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৩২) ও মকবুল হোসেন (৩৪)।
ওসি এম এ হক জানান,নিহত ইউনুস মাহমুদপুর ইউনিয়নের গওহরদী গ্রামের আবুল কাসেমের ছেলে। গত অক্টোবর মাসের এক তারিখে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এরপর ৫ অক্টোবর নিহতের বোন মল্লিকা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করে।
তিনি আরও জানান, রবিবার (৫ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেন ও মকবুল হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইউনুসকে হত্যার কথা স্বীকার করে। সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ ও আড়াইহাজার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গওহরদী এলাকার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
নিহতের বোন মল্লিকা বেগম জানান,বিদেশে যাওয়ার জন্য ইউনুস জমি বিক্রি করে আনোয়ার হোসেনকে সাড়ে চার লাখ টাকা দেয়। কিন্তু টাকা দেওয়ার পর তাকে বিদেশে না পাঠিয়ে নানা টালবাহানা করতে থাকে। টাকা ফেরত না পেয়ে ইউনুস আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। বেশ কয়েকদিন জেল খেটে জামিনে ছাড়া পায় আনোয়ার। এরপর গত ১ অক্টোবর ইউনুস টাকা ফেরত চাওয়ার জন্য আনোয়ারের বাড়িতে যায়। তার পর থেকে সে নিখোঁজ ছিল।
নিহত ইউনুছ মিয়ার স্ত্রী মাকমুদা বেগম জানান,টাকা ফেরত চাওয়ায় আনোয়ার হোসেন ও মকবুল হোসেন বাসা থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ওসি এম এ হক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে । ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।