রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে নিহতের বাবা মহিউদ্দিন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন সোমবার সন্ধ্যায় জানান, জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার মেয়েকে একই এলাকার মাসুম নামে এক ছেলে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশে মাসুমের বিচারও হয়েছে। কিন্তু তারপরও মাসুম তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকালে প্রিয়াংকা কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার সকালে বাড়ির পাশের ছোট গলিতে বস্তা দিয়ে ঢাকা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার মেয়েকে ধর্ষণের পর মাসুম, মাসুদ ও হাসান হত্যা করেছে।

ওসি ইসমাঈল হোসেন আরও জানান, মাসুম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রবিবার (৬ নভেম্বর) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ মাসুম নামে এক তরুণকে গ্রেফতার করেছে। নিহত প্রিয়াংকা বরাব এলাকায় অবস্থিত হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। পুলিশের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ সংক্রান্ত আগের খবর:

নারায়ণগঞ্জে জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার