নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল ও এফ প্রিমিও একটি প্রাইাভেটকারসহ দুই তরুণকে আটক করেছে র্যাব। সোমবার সকাল দশটায় মহাসড়কের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি ইকবাল হোসেন এ সব তথ্য জানান।
আটক মাদক ব্যবসায়ীরা হলো, পটুয়াখালী জেলার গলাচিপা থানার তেতুলিয়া গ্রামের বাদল মিয়া (৩৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ডহরখোলা গ্রামের সাখাওয়াত হোসেন (৪০) ।
সোমবার দুপুরে ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বহনকারী একটি প্রাইভেটকার কুমিল্লা থেকে ঢাকা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আদমজী রোড এলাকায় ফাঁদ পাতে। প্রাইভেট কারটি পৌঁছার পর থামার জন্য সংকেত দিলে চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: শ্রীপুরে চুরির অপবাদে কারখানার দুই শ্রমিককে নির্যাতনের অভিযোগ