জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

কারাদণ্ড

জেএসসি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহের অপরাধে তিন তরুণকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মাদীপুরের রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে। একই দিন ওই কেন্দ্র থেকে নকল করার অভিযোগে আরও ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আটককৃতরা হলেন,  রাজৈরের হোসেনপুর এলাকার ছমেদ মাতুব্বরের ছেলে বেলায়েত মাতুব্বর (২৬) ও নান্নু হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (১৬) ও হাসেম শেখের ছেলে ওবায়দুলকে (২৩) 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে দুই বহিরাগত তরুণ মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহ করছিল। পরীক্ষা কেন্দ্র এলাকায় কোচিং ব্যবসার সঙ্গে জড়িত বেলায়েত মাতুব্বর নামে এক ব্যক্তির নেতৃত্বে তারা এ কাজ করছিল। খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভীন কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের হাতে-নাতে আটক করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই রাজৈরের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রাজৈর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে  তিন জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিন জনকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে মারধরের ঘটনায় মামলা