কেন্দ্রের সামনে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ

গোপালগঞ্জ

গোপালগঞ্জে শাহরিয়ার রহমান অভি (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে সন্ত্রাসীরা কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শহরের বীণাপানি স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের অছিকুর রহমান শেখের ছেলে। সে কাঠি স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ওই শিক্ষার্থী জানায়, স্কুলে তামিম নামে এক সহপাঠীর সঙ্গে আমার একটু ঝামেলা ছিল। সে তিন-চার জন যুবককে আমাকে দেখিয়ে দিয়ে চলে যায়। এরপর ওই যুবকরা কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর শুরু করে। পরে তাদের কাছে থাকা ছুরি দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। এতে আমার হাত ও পেটে জখম হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 আরও পড়ুন: জিহাদী বই ও লিফলেটসহ জামায়াত নেতা গ্রেফতার