রংপুরের সেই টিটু রায়কে খুঁজে পাচ্ছে না ফতুল্লার পুলিশ

রংপুরের এই টিটু রায়ের ছবি ব্যবহার করে মো. টিটু নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিতর্কিত একটি পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগ এনে শুক্রবার ঠাকুরপাড়া গ্রামে হামলা চালায় বিক্ষুব্ধরা।ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাসের অভিযোগ তুলে রংপুর সদর উপজেলার হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়া গ্রামে তাণ্ডব চালানো হয়েছে। যার বিরুদ্ধে কথিত এই স্ট্যাটাস দেওয়ার অভিযোগ ঠাকুরপাড়ার সেই টিটু রায়কে খুঁজে পাচ্ছে না পুলিশ। পরিবার বলেছে, টিটু রায় সাত বছর আগে রংপুর থেকে নারায়ণগঞ্জে চলে আসে, এরপর আর বাড়ি ফেরেনি সে। আর প্রাথমিকভাবে পাওয়া তথ্যের সূত্র ধরে মূল রহস্য জানার জন্য টিটু রায়কে খুঁজছে পুলিশ। তবে দুই দিন চেষ্টার পরও তার কোনও খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ওসি কামাল উদ্দিন বলেন, ‘রংপুরের ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় যার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই টিটু রায়ের সন্ধান এখনও পাওয়া যায়নি। তার সন্ধান পেতে পুলিশ কাজ করছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো.শরফুদ্দিন বলেন, ‘রংপুরে হামলার ঘটনার পর থেকে বলা হচ্ছে অভিযুক্ত টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় আছে। কিন্তু ফতুল্লা একটি বড় এবং ঘনবসতিপূর্ণ এলাকা। তাই তাকে খুঁজে পেতে কষ্ট হচ্ছে। দুই দিন ধরে পুলিশ তার সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে। কিন্তু সে কোন গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে,স্ত্রী-সন্তান নিয়ে ফতুল্লার কোন এলাকায় ভাড়া থাকে সে সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।’