প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করে নিজেকে রক্ষা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি নিজেকে রক্ষা করেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম বলেছেন,‘প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এতে সরকারের কোনও চাপ কিংবা উৎসাহ ছিল না।’ রবিবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত, এটা তাদের সংস্কৃতি, তাই বিচারপতির পদত্যাগ করা নিয়ে বিএনপি সর্বত্রই মিথ্যাচার করছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,‘নির্বাচনের মাঠে এসে বিএনপি প্রমাণ করুক তাদের জনপ্রিয়তা কতটুকু। আগামী নির্বাচনেও শেখ হাসিনা সরকারের বিজয় হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ফেনি-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।

আরও পড়তে পারেন: ঠাকুরপাড়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ শুরু