বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ভর্তি পরীক্ষার্থীরা হলেন বরিশালের তানভীর, মাদারীপুরের পলাশ মাতুব্বর, যশোরের বাঘারপাড়ার জয় ইমামুল, সৌরভ, ময়মনসিংহের ইকবাল, ঢাকার কেরানীগঞ্জের মো. কাওসার ও কুড়িগ্রামের উৎস।
হলে এসব পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন তাদের ২০ দিনের কারাদণ্ড দেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের পাঁচটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।