গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি করে ফেরার পথে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে স্থানীয়রা মুকসুদপুরের কমলাপুর খন্দকার বাজারের কাছ থেকে তাদের আটক করে গণপিটুনি দিয়ে, পুলিশে সোপর্দ করেছে।
তাদের মধ্যে খুলনার ফুলবাড়িয়া এলাকার সাইদুর বিশ্বাস (৪০) ও ফরিদপুরের শালতা এলাকার কালা মিয়া ওরফে রবিউলকে (২০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুরের মুনিরকান্দি গ্রামের অপর ডাকাত সদস্য টুটুল শেখকে প্রাথমিক চিকিৎসার পর থানায় আটক রাখা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ৭/৮ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল মুকসুদপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও মালামাল নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর একই এলাকার রাজ্জাক তালুকদারের দোকানে ডাকাতি করে মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। ডাকাতি করে ফেরার পথে শনিবার ভোরে কমলাপুর গ্রামের খন্দকার বাজার এলাকায় স্থানীয় জনগণ তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘স্থানীয় জনগণ ডাকাত সন্দেহে তিন জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ’
আরও পড়তে পারেন: ধর্মঘট চতুর্থ দিনে, কোনও যান চলছে না দিনাজপুরে