স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে কুড়িল-কাঞ্চন সড়ক। এই সড়ক দিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে রাজধানীতে যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। সড়কটি যানজট মুক্ত হওয়ায় এলাকার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবি মানুষ এই সড়কে চলাচল করে। কিন্তু গণপরিবহন না থাকায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় একটি অসাধু চক্র প্রায় ছয় শতাধিক ফিটনেসবিহীন ট্যাক্সি দিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রী পরিবহন করে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে প্রায়ই এ সড়কে ঘটছে দুর্ঘটনা। এসব কারণে শিক্ষার্থীরা ও কর্মজীবি মানুষেরা তাদের গন্তব্যে যেতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে।
সামাজিক সংগঠন জোনাকি’র সভাপতি নজরুল ইসলাম জানান, তিনি ঢাকায় ব্যবসা করেন। প্রতিদিন দুই থেকে তিন বার এই সড়কে আসা যাওয়া করতে হয়। কিন্তু ট্যাক্সি চালকরা সিন্ডিকেট করে যে ভাড়া আদায় করছে তা স্বাভাবিক বাড়ার চেয়ে ৫ থেকে ৬ গুণ বেশি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জোনাকি’র সভাপতি নজরুল ইসলাম, এফএনএফ ডিজিটাল ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম বাবু প্রমুখ।