গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন





গাজীপুরগাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের সঙ্গে লালমনি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় কমলাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে এ মামলা দায়ের করা হয়। এছাড়া  বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য জানান।

অসীম কুমার তালুকদার জানান, গাজীপুরে কালিয়াকৈরের বক্তারপুরে বিদ্যুতের খুঁটিবাহী বিকল ট্রাকের সঙ্গে লালমনি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ও হতাহতের ঘটনায়  শুক্রবার (২৪ নভেম্বর)  রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) শেখ হাসানুজ্জামান ও বিভাগীয় মেডিক্যাল অফিসার সজীব কুমার রায়। কমিটিকে শুক্রবার থেকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায়  শনিবার বিকালে রেলওয়ের জয়দেবপুর জংশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আশরাফ উদ্দিন বাদী হয়ে কমলাপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ট্রাকের চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। রেলওয়ের ট্রাফিক আইন ভঙ্গ করে অবৈধভাবে রেল লাইন অতিক্রম করার সময় রেল লাইনের উপর থেমে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং চলন্ত ট্রেনে আঘাত করে হত্যাসহ ট্রেনের যাত্রী আহত ও ক্ষয়ক্ষতি করার অপরাধে এ মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিদ্যুতের খুঁটিবাহী রয়েল গ্রুপের একটি ট্রাক কালিয়াকৈর থেকে চন্দ্রা যাচ্ছিল। পথে হাইটেক পার্ক সংলগ্ন কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার অবৈধ রেলক্রসিং পয়েন্ট দিয়ে ঢাকা-খুলনা রেললাইন পার হওয়ার সময় লাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে পড়ে। এসময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের ভিতরে চাপা পড়ে ট্রেনের সহকারী চালক নূর আলম শরীফ (৪৫) ঘটনাস্থলেই নিহত এবং চালক শফিউল ইসলাম সেলিমসহ  (৩৫) অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ওই রুটে প্রায় সাড়ে ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন- রেল ক্রসিংয়ে আটকে পড়া ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ১