প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। দেশের ৪৬০টি স্থানীয় নির্বাচন, দু’টি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনও প্রতিক্রিয়া বা সন্দেহ প্রকাশ পায়নি।’ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি নুরুল হুদা বলেন, ‘৯ কোটি ৪০ লাখ স্মার্টকার্ড চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা একটু পিছিয়ে গেছি ওভার থ্রোর সঙ্গে আমাদের চুক্তিটি ভালোভাবে সম্পন্ন না হওয়ায়। এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া আইরিশ ও ফিঙ্গার মেশিন সংগ্রহে দেরি হয়েছে। বর্তমানে এ সমস্যার সমাধান হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে তার অধীনে আগামী এক মাসের মধ্যে এগুলো পেলে খুব দ্রুত স্মার্টকার্ড বিতরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘স্মার্টকার্ডের ভুল-ত্রুটি যদি মামুলি হয় তবে দ্রুত তা সংশোধন করা যাবে। কিন্তু যদি বয়স জনিত ভুল বা বাবার নাম ভুল হয় সেগুলো চেক করতে কিছুটা সময় প্রয়োজন হবে। ’
নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ পরিচালক লে. কর্নেল কামরুল হাসান প্রমুখ।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্টিত হবে। নারায়ণগঞ্জের মতো রংপুরেও সুষ্ঠু নির্বাচন হবে।’
পরে নারায়ণগঞ্জে বিশিষ্ট নাগরিকদের হাতে স্মাটকার্ড তুলে দেন সিইসি।