সালিশ ডাকায় মাতব্বদের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Narayanjang

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশা ছিনতাইয়ের ঘটনায়  সালিশ ডাকায় পাঁচ মাতব্বরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে ব্রাহ্মন্দি ইউনিয়নের লস্করদী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের লস্করদী এলাকার শাহ আলমের ছেলে মাদকাসক্ত শাকিল, রুবেলের ছেলে মামুন, হাফেজ মোল্লার ছেলে জহিরুল যাত্রী হিসেবে সফিকুল ইসালামের রিকশায় উঠে। পরে উপজেলার নরন্দি এলাকায় পৌঁছালে তিনজন মিলে রিকশাচালক সফিকুলকে মারধর করে রিকশাটি ছিনিয়ে নেয়। সফিকুল বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানালে তারা ওই তিন জনের বিরুদ্ধে আগামী বুধবার (২৯ নভেম্বর) সালিশ ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে মামুন, শাকিল ও জহিরুলসহ তাদের সহযোগীরা শনিবার গভীর রাতে মাতব্বর দাউদুর রহমান ভুইয়ার রান্না ঘরে ও তিনটি ধনচে স্তুপে, কাজী আউয়ালের খড়ের গাদায়, সফিউল্লার, জাহাঙ্গীর ও আলী হোসেনের ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যায়।

মাতব্বর দাউদুর রহমান ভুইয়া জানান, অপরাধীরা এলাকায় মাদকাসক্ত হিসেবে চিহ্নিত। তারা মাদকের টাকা জোগার করতে চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কিস্তির সাতশ’ টাকার জন্য রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ