বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই: র‌্যাব ডিজি

গোপালগঞ্জে র‌্যাব ডিজির‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। যেই মাথা উঁচু করবে তার মাথা ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। দেশের মানুষ শান্তি প্রিয়, তারা শান্তিতে বিশ্বাস করে।’

শনিবার (২ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনও হামলার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলেকশন কমিশন নিবার্চন পরিচালনা করবে। ইলেকশন কমিশনের দায়িত্ব পালনে আমরা কাজ করবো। তবে এ বিষয় নিয়ে এখনও কথা বলার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি।’গোপালগঞ্জে র‌্যাব ডিজি

পরে তিনি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ডিজি।